বান্দরবান পৌর এলাকার জলাবদ্ধতা নিরসন ও ময়লা পানি দ্রুত নিষ্কাশনহ স্থানীয় বাসিন্দাদের আধুনিক সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে বান্দরবান পৌরসভার বনরুপা পাড়ায় ড্রেন নির্মাণ কাজ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৭ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ৯টি কাজের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। পরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে ৪ কোটি ৪১ লাখ ৩৭ হাজার টাকা ব্যয়ে তিনতলা বিশিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করে এক মতবিনিময় সভায় যোগ দেন মন্ত্রী। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা আর সৎ ও সাহসী নেতৃত্বের কারণে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। অতীতে পার্বত্য এলাকার যে অবস্থা ছিল শান্তি চুক্তির পর সেখানে শান্তি বিরাজ করছে। পাশাপাশি অব্যাহত রয়েছে উন্নয়নের ধারা। মন্ত্রী বলেন, ২০০৬ সালে যেখানে পার্বত্য অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান ছিল হাতেগোনা কয়েকটি। এখন তা বেড়ে হয়েছে সাত গুণেরও বেশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টির কারণেই বান্দরবান জেলায় ১৪টি কলেজ হয়েছে। প্রত্যেক উপজেলায় গড়ে ওঠেছে কলেজ।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার যতবারই ক্ষমতায় এসেছে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছে। আর তাই সবাই নৌকা প্রতীকে ভোট দিয়ে এ সরকারকে বারবার বিজয়ী করেছে। গরীব অসহায় ও দুস্থদের বর্তমান সরকার যেভাবে সহযোগিতা করছে তা আগের কোনো সরকার স্বপ্নেও চিন্তা করেনি। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বান্দরবান জেলার সহকারী পুলিশ সুপার মো. আমজাদ হোসেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ, পৌর মেয়র মোহাম্মদ সামসুল ইসলাম, প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাশ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জিয়াউল ইসলাম মজুমদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাতসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধি।











