বান্দরবানের চারটি উপজেলার ১২টি দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন ভোট কেন্দ্রে হেলিকপ্টারে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। গতকাল রোববার বিকেলে স্ব স্ব উপজেলা থেকে হেলিকপ্টারযোগে কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়।
কেন্দ্রগুলো হচ্ছে–রোয়াংছড়ি উপজেলার রোনিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়; রুমা উপজেলার নুন থিয়ার হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকনিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিংলকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়; থানচি উপজেলার দলিয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেমাক্রিবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড় মদক সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট মদকবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, তিন্দু গ্রুপিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাইথোয়াইহ্লা কারবারিপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, জিন্নাপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আলীকদম উপজেলার কমচঙ ইয়ুংছা মাওরুমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০ নং আসনে ১৮৬টি ভোটকেন্দ্রের মধ্যে ১২টি ভোটকেন্দ্রে হেলিকপ্টারের সাহায্যে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে। ইতোমধ্যেই এসব সরঞ্জাম পৌঁছানো হয়েছে। বান্দরবানে একটি সুন্দর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।











