সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামাকে বানর বেশে দেখানো বর্ণবিদ্বেষী একটি ক্লিপ সম্বলিত ভিডিও পোস্ট করার কয়েক ঘণ্টা পর ডোনাল্ড ট্রাম্প তা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে নিয়েছেন। খবর বিডিনিউজের।
২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ সম্বলিত ওই ৬২ সেকেন্ডের ভিডিওর একেবারে শেষাংশে ক্লিপটি ছিল, যার ব্যাকগ্রাউন্ডে শোনা গেছে ‘দ্য লায়ন স্লিপস টুনাইট’ গানটি, বলছে বিবিসি। পরে শুক্রবার সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, আমি কোনো ভুল করিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, তার এক কর্মী পোস্ট করার আগে তিনি কেবল ভিডিওর শুরুর অংশই দেখেছেন এবং এর ভেতরে যে ওবামা দম্পতিকে এভাবে দেখানো হবে তা জানতেন না।
ওই পোস্ট দেখে রিপাবলিকান সেনেটর টিম স্কট দ্রুত পোস্টটি সরিয়ে নিতে প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছিলেন। কৃষ্ণাঙ্গ এ রাজনীতিক ট্রাম্পের পোস্টটিকে তার দেখা হোয়াইট হাউস থেকে বের হওয়া সবচেয়ে বর্ণবাদী জিনিস বলেও অ্যাখ্যা দেন। হোয়াইট হাউস শুরুতে এ ক্লিপকে ইন্টারনেট মিম ভিডি অভিহিত করে সমালোচকদের অহেতুক চিল্লাচিল্লি বন্ধ করতে বলেছিল।
কিন্তু একাধিক রিপাবলিকান সেনেটরসহ অসংখ্য রাজনীতিকের ব্যাপক সমালোচনার মুখে পরে তারা ট্রাম্পের ট্রুথ সোশাল অ্যাকাউন্ট থেকে ওই পোস্টটি সরিয়ে নেয়।
মার্কিন প্রেসিডেন্টের কার্যালয়ের এক কর্মকর্তা পরে বলেন, এক কর্মী অসাবধানতাবশত পোস্টটি দিয়েছেন। বিবিসি লিখেছে, কৃষ্ণাঙ্গদের বানরের সঙ্গে তুলনার বর্ণবাদী সব কার্টুনকে মনে করিয়ে দেওয়া ক্লিপটি সম্ভবত রক্ষণশীল মিমনির্মাতা জেরিয়াসের অক্টোবরে করা এক এক্স পোস্ট থেকে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।











