বাসার বাথরুমে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার নাজির আহমেদ খান। গতকাল সোমবার সকালে নগরীর সিআরবি এলাকাস্থ এসপির বাংলোতে এ ঘটনা ঘটে। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য এসপিকে হেলিকপ্টারযোগে ঢাকায় পাঠানো হয়েছে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) সিরাজুল ইসলাম বলেন, সকালে বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আহত হন পুলিশ সুপার। পরে বাসার কর্মচারীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা জানান, তার বাঁ পা মারাত্মকভাবে ভেঙে গেছে। পরে দুপুর ২টার দিকে এসপিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (নিটোর) ভর্তি করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।












