বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দুইশ ছাড়াল

শাহ আমানত বিমানবন্দর

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৮ মার্চ, ২০২৬ at ৯:২০ পূর্বাহ্ণ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাতিল হওয়া আন্তর্জাতিক ফ্লাইট দুইশ ছাড়াল। গতকাল শুক্রবার মোট ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর চট্টগ্রাম থেকে মোট ২০১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হলো।

বিমানবন্দর সূত্র জানায়, গতকাল বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ১টি আগমন ফ্লাইট। এছাড়া ইউএসবাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী ৪টি ফ্লাইট বাতিল হয়েছে। একইসঙ্গে এয়ার আরাবিয়ার ১টি আগমন ও ১টি বহির্গমন ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে আকাশপথ পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। বিভিন্ন এয়ারলাইনসের ৩টি আগমন ও ৫টি বহির্গমন ফ্লাইট গতকাল স্বাভাবিকভাবে চলাচল করেছে।

এদিকে সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএসবাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে চট্টগ্রামগামী ফ্লাইটগুলোর স্থবিরতা এখনো রয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আজকের ৭টিসহ মোট ২০১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতার বই উৎসব লেখক এবং পাঠকদের মধ্যে মেলবন্ধন তৈরি করবে
পরবর্তী নিবন্ধজিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র : প্রধানমন্ত্রী