বাণিজ্যিক রাজধানীর সুবিধা সৃষ্টিতে যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে : মেয়র

| শুক্রবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ১২:২৯ অপরাহ্ণ

চট্টগ্রামকে কার্যকর বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে সমন্বিত অবকাঠামো উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে নগরের যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

গতকাল বৃহস্পতিবার ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ডের খতিবের হাট এলাকায় ৯ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত সড়ক ও ড্রেন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। প্রকল্পটি বাস্তবায়িত হওয়ায় স্থানীয় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন।

মেয়র বলেন, সরকার চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার যে লক্ষ্য নির্ধারণ করেছে, তা বাস্তবায়নে টেকসই সড়ক নেটওয়ার্ক, উন্নত ড্রেনেজ ব্যবস্থা এবং শিল্পাঞ্চলভিত্তিক যোগাযোগ অবকাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যোগাযোগ ব্যবস্থা উন্নত না হলে শিল্পায়ন, বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টি কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাবে না। তাই আমরা পরিকল্পিতভাবে ওয়ার্ডভিত্তিক অবকাঠামো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছি।

মেয়র জানান, ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ডে ইতোমধ্যে ২৯ কোটি ৯০ লাখ টাকার উন্নয়ন কাজ সম্পাদিত হয়েছে এবং আরও ২০ কোটি টাকা ব্যয়ে পাঁচটি উপপ্রকল্পের কাজ চলমান রয়েছে। সমাপ্ত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে হামজারবাগ রাস্তা, হামজা খা বাই লেন, পাহাড়িকা আবাসিক এলাকা, রংপুর কলোনি, গ্রিনভিউ আবাসিক এলাকা, মোহাম্মপুর আবাসিক এলাকা, ইসমাইল কলোনি, বাংলাদেশ কোঅপারেটিভ হাউজিং সোসাইটি রোড, শাহজাহান আবাসিক এলাকা, রাজগঞ্জ আবাসিক এলাকা, হিলভিউ আবাসিক এলাকা, গাউছিয়া, শান্তিনগর ও মোহাম্মদনগর আবাসিক এলাকার সড়ক উন্নয়ন।

পূর্ববর্তী নিবন্ধ১১ মার্চের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা