নগরের স্যানমার ওশ্যান সিটি শপিংমলে অবস্থিত অভিজাত ব্র্যান্ড ‘বাটা’ এর শো রুমে এক জোড়া জুতার মূল্যের এক হাজার ৯৯৯ টাকার প্রাইজ ট্যাগ পরিবর্তন করে দুই হাজার ২৯৯ টাকার নতুন ট্যাগ লাগিয়ে প্রতারণা করে আসছিল ক্রেতার সঙ্গে। ঈদকে সামনে রেখে বেশ কিছুদিন ধরে এ জালিয়াতির মাধমে ক্রেতা ঠকালেও শেষ পর্যন্ত রক্ষা পায়নি প্রতিষ্ঠানটি।
গত সোমবার ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় টিমের অভিযানে ধরা পড়ে তাদের প্রতারণা। এসময় ক্রেতা ঠকানোর অপরাধে শো-রুমটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
ভোক্তা সংরক্ষণ অধিকার সূত্রে জানা গেছে, এক ক্রেতার অভিযোগের প্রেক্ষিতে স্যানমার ওশ্যান সিটির ‘বাটা’ শোরুমে অভিযান চালানো হয়। এসময় দেখা যায়, ট্যাগ পরিবর্তন করে অতিরিক্ত দামের নতুন ট্যাগ লাগিয়ে দিয়েছে শো রুম কর্তৃপক্ষ। এরপর শোরুম কর্তৃক্ষকে সতর্ক করাসহ জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মো. ফয়েজ উল্লাহ বলেন, ঈদ সামনে রেখে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা স্যানমার ওশ্যান সিটিতে অভিযান চালিয়েছি। এ সময় বাট শো রুমে প্রতারণার বিষয়টি ধরা পড়ে। আমরা জরিমানার পাশাপাশি সর্তক করেছি।











