বাঙালির পহেলা বৈশাখ উদযাপনকে আরও রাঙিয়ে দেয় যে কয়টি গান তার মধ্যে অন্যতম জনপ্রিয় ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’। ১৮ বছর আগে ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতা থেকে উঠে আসা কণ্ঠশিল্পী সোনিয়ার কণ্ঠে গাওয়া গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল শ্রোতাদের কাছে। খবর বাংলানিউজের।
সে জনপ্রিয়তার ভাটা পড়েনি এখনও। পহেলা বৈশাখ এলেই নতুন করে, নতুন প্রাণ নিয়ে গানটি ফিরে আসে, মুখে মুখে ফেরে গানটি। বড় বড় আয়োজনে বাজতে থাকে ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’। গানটি এবারের পহেলা বৈশাকে নতুন করে, নতুন আয়োজন এই প্রজন্মের দর্শকদের সামনে ফের হাজির করার উদ্যোগ নিয়েছে দেশের অন্যতম শীর্ষ গান প্রযোজনা সংস্থা গানচিল। গানটির মূল সুরকার ও সংগীত পরিচালক শওকত আলী ইমন এবারও নতুন সংগীতায়োজনে যুক্ত আছেন।
নতুন করে তৈরি এই সংস্করণে আধুনিক সাউন্ড, নতুন কণ্ঠ এবং ভিডিও চিত্রের সময়োপযোগী উপস্থাপন থাকছে বলে জানিয়েছেন শওকত আলী ইমন। পৃথিবীর যেখানেই গেছি, গানটির জন্য আলাদা করে ভালোবাসা পেয়েছি। নতুন প্রজন্মের কাছে গানটিকে আরও কাছাকাছি নিয়ে আসার জন্যই নতুন করে সংগীতায়োজনের ভাবনা। গানটির নতুন সংস্করণে কণ্ঠ দিয়েছেন শওকত আলী ইমন নিজে এবং রিয়েলিটি শো চ্যানেল আই সেরা কণ্ঠের ঝিলিক, লুইপা, আতিয়া আনিসা ও পাওয়ার ভয়েসের কর্নিয়া। গানের কথা লিখেছেন কবির বকুল।
রাজধানীর তিনশ’ ফিটে ইতোমধ্যেই গানটির ভিডিও চিত্র ধারণ করা হয়েছে। যেটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। আগামী ৯ এপ্রিল গানচিলের ইউটিউব চ্যানেল প্রকাশ পাবে গানটি।














