পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে আজ থেকে। রমজান মাসে সবকিছু স্বাভাবিক হলেও অস্থির থাকে বাজার। প্রতি বছর রমজানের আগে চাল, ডাল, তেল, পেঁয়াজ, ছোলা থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সকল জিনিসপত্রের দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। এছাড়া রমজানে খাদ্যদ্রব্যের চাহিদা বাড়ায় ব্যবসায়ীরা নিম্নমানের খাবার সরবরাহ করেন বলেও অভিযোগ আছে। তবে এবার রমজানে পণ্য কিনতে ভোক্তাদের যাতে সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখছে জেলা প্রশাসন।
তাই রমজানে ভোগ্যপণ্যের বাজার মনিটরিংয়ে নেমেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ৫টি টিম। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টিমগুলো পুরো রোজার মাস নগরীর বিভিন্ন পাইকারি ও খুচরা বাজার পর্যবেক্ষণ করবে। রমজান উপলক্ষে গত ১ এপ্রিল থেকে মনিটনিং টিম মাঠে কাজ করছে বলে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে।
প্রতি বছর রমজানে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে এবং ভেজাল রোধে জেলা প্রশাসনের বাজার মনিটরিং টিম মাঠে কাজ করে। বিশেষ করে চাক্তাই-খাতুনগঞ্জ এলাকায় ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা এবং রিয়াজুদ্দিন বাজার, চকবাজার, কাজীর দেউড়ি, বহদ্দারহাট কাঁচাবাজারসহ নগরীর প্রধান প্রধান বাজারগুলো মনিটরিং করে। মনিটনিং টিমের সদস্যরা বাজারে বা দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকলে সতর্কতাসহ জরিমানা করেন। বাজারে মনিটারিং টিম থাকলে ক্রেতারা কিছুটা স্বস্তি পান।
চট্টগ্রাম জেলা প্রশাসনের স্টাফ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস আজাদীকে বলেন, রমজানে বাজার মনিটরিংয়ের জন্য ৫টি টিম প্রতিদিন মাঠে থাকবে। সকালে ৩টি টিম ১০টা থেকে ১টা, বিকালে ২টি টিম দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত মাঠে থাকবে। মনিটরিং টিমের সদস্যরা ১ এপ্রিল থেকে মাঠে কাজ করছে বলে জানান তিনি।
এদিকে গতকাল সরেজমিনে বিভিন্ন বাজারে দেখা গেছে, মাছ-মাংস ও সবজি একেক বাজারে একেক দামে বিক্রি হচ্ছে। এবার রমজানের আগে থেকেই প্রতিটি নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে।












