চন্দনাইশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা জানাতে মানুষের ঢল নামে উপজেলার প্রতিটি শহীদ মিনারে। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ। উপজেলা প্রশাসন, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দিবসটি পালন করা হয়। চট্টগ্রাম– ১৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমদের নেতৃত্বে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পরে চন্দনাইশ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জসীম উদ্দীন আহমদ এমপি বলেন, মায়ের ভাষা ‘বাংলা’র অধিকার আদায়ের জন্য বুকের তাঁজা রক্ত দিয়েছে এদেশের মানুষ। বাঙালি ছাড়া বিশ্বের কোন দেশে মায়ের ভাষার জন্য রক্ত দেয়ার মতো নজির নেই।
বাঙালির সর্বোচ্চ ত্যাগের কারণেই বর্তমানে সারাবিশ্বে ভাষা শহীদদের স্মরণে যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিব হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মোঃ ইলিয়াছ খান, উপজেলা ইঞ্জিনিয়ার তন্ময় নাথ, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, কৃষি কর্মকর্তা আজাদ হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ফেরদৌসী আকতার, মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু প্রমুখ।












