বাঘাইছড়িতে বিদেশি পিস্তল ও গোলাবারুদ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি | শনিবার , ১১ এপ্রিল, ২০২৬ at ১১:৩৭ পূর্বাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জীপতলী ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি ৭.৬৫ বোর ব্রাউনিং বিদেশি পিস্তল ও গোলাবারুদ উদ্ধার করেছে বিজিবি। গতকাল শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইয়াবা ও বিদেশি সিগারেটের একটি বড় চালান আটকের লক্ষ্যে বৃহস্পতিবার মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে অপস অফিসার ক্যাপ্টেন অমিত কুমার সাহা এবং সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানসহ বিজিবির একটি টহলদল রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম জীপতলী ব্রিজ সংলগ্ন এলাকায় ফাঁদ পেতে অবস্থান নেয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আনুমানিক দিবাগত রাত পৌনে ১২টার দিকে ৩৪ জন সন্দেহভাজন ব্যক্তিকে জীপতলী ব্রিজ সংলগ্ন এলাকায় আসতে দেখে বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করে। এসময় উক্ত ব্যক্তিরা দ্রুত পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধার অস্ত্রসরঞ্জামাদির মধ্যে রয়েছেএকটি ৭.৬৫ বোর ব্রাউনিং বিদেশি পিস্তল, একটি ৭.৬২ মি.মি. তাজা গুলি, ৯টি ৭.৬২ মি.মি. খালি খোসা, একটি পিস্তল ক্যারিয়ার ব্যাগ ও একটি পুরাতন পিস্তল কভার, একটি দেশীয় একনলা বন্দুক ও ৭টি খালি খোসা, দুইটি বড় ও তিনটি ছোট চাইনিজ চাপাতি, দুইটি দেশীয় লোহার হাসুয়া/দা, একটি লোহার হাতুড়ি, একটি বাটুল গুলতি, ২৬টি কাঁচের মার্বেল ও ৫টি স্টিলের মার্বেল, এবং একটি পুরাতন স্কুল ব্যাগ।

বিজিবির মারিশ্যা জোন (২৭ বিজিবি) কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ জানান, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত এলাকায় সকল ধরনের চোরাচালান ও অপরাধ দমনে সর্বদা তৎপর রয়েছে। মারিশ্যা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সামপ্রতিক সময়ে দুষ্কৃতিকারীরা বিভিন্ন অভিনব কৌশল অবলম্বন করায় বিজিবি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং আভিযানিক টহল কার্যক্রম আরও জোরদার করেছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধগণভোটের ম্যান্ডেট বিএনপি সরকারকে মেনে নিতে হবে
পরবর্তী নিবন্ধতেল সংকটে হ্রদে ঘুরে বেড়ানোর আনন্দ ‘সীমিত’