নগরীর বাকলিয়া ভরা পুকুরপাড় এলাকা থেকে মানুষের মাথার খুলি ও হাঁড় উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে পুকুরপাড়ের ময়লার স্তূপ থেকে এ খুলি ও হাঁড় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মানুষের মাথার খুলি ও হাঁড় ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মঈন উদ্দিন দৈনিক আজাদীকে বলেন, সোমবার বিকেলে স্থানীয় ছেলেরা বাকলিয়ার ভরা পুকুর পাড় এলাকায় খেলাধুলা করছিল। এসময় তারা ময়লার স্তুপের উপর মানুষের মাথার খুলি ও হাঁড় দেখতে পায়। এসময় স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশের একটি টিম খুলি ও হাঁড়গুলো উদ্ধার করে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।












