নগরীর বাকলিয়া থানাধীন তুলাতলী মোড়ে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় মো. ফুলচান মিয়া (৫৪) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি তুলাতলীর লিজা কলোনীর হারুন জমিদারের বাড়ির মোবারক সর্দারের ছেলে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গুরুতর আহত মো. ফুলচান মিয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একটি মামলা হয়েছে। ট্রাকটির চালককেও আটক করা হয়েছে।










