বাকলিয়ায় গোলাগুলির ঘটনায় শ্যূটার ফারুক চকরিয়া থেকে গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১০ এপ্রিল, ২০২৬ at ৭:৪৫ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়ায় দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলির ঘটনায় অভিযুক্ত শ্যূটার ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুসহ ৫জন আহত হন।

পুলিশ জানায়, গত ৪ এপ্রিল রাত ৯টার দিকে বাকলিয়া থানার মিয়াখান নগর এলাকার ময়দার মিল স্কুল মাঠের সামনে মোরশেদ খান গ্রুপ ও শওকত গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষ পিস্তল, শর্টগান ও দেশীয় অস্ত্র নিয়ে এলোপাতাড়ি গুলি চালায়।

এ সময় গুলিতে পথচারী শিশু ফাহিম (১৩) দুই পায়ে গুলিবিদ্ধ হয়। এছাড়া আরও চারজন গুরুতর আহত হন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করে।

পরে আহত শিশুর বাবা সোলাইমান বাদশা বাদী হয়ে মোরশেদ খান, শওকত, ফারুক ও হোসেনসহ কয়েকজনকে আসামি করে মামলা করেন।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, গোলাগুলির ঘটনার পরদিন ভোরে ফারুকের ভাড়া বাসা থেকে একটি দেশীয় তৈরি শর্টগান ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক মামলা করা হয়। পরবর্তী অভিযানে গত ৬ এপ্রিল শওকত এবং গত ৭ এপ্রিল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

বাকলিয়া থানার ওসি জানান, গত ৮ এপ্রিল রাতে কঙবাজারের চকরিয়ার হারবাং ইউনিয়নের পূর্ব বিন্দারখীল পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে পলাতক ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়। ফারুকের বিরুদ্ধে আগেরও একটি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিমানবন্দরে আরও ৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল
পরবর্তী নিবন্ধ১৪ মের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ