চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বৃহত্তর বাকলিয়ার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে যোগাযোগব্যবস্থাকে অগ্রাধিকার ভিত্তিতে আধুনিকায়ন করা হচ্ছে। পরিকল্পিত সড়ক, ড্রেনেজ ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে এলাকাটিকে অর্থনৈতিকভাবে গতিশীল করে তোলা হবে।
গতকাল বুধবার কালামিয়া বাজার এলাকায় চসিক নির্মাণাধীন হাটখোলা থেকে কালামিয়া বাজার সড়ক পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। মেয়র বলেন, বাকলিয়া দীর্ঘদিন ধরে যোগাযোগ সংকট, সরু রাস্তা ও জলাবদ্ধতার সমস্যায় জর্জরিত। আমরা ধাপে ধাপে এসব সমস্যা সমাধানে কাজ করছি। সড়ক উন্নয়ন মানেই শুধু যাতায়াত সহজ করা নয়, এটি স্থানীয় অর্থনীতি, ক্ষুদ্র ব্যবসা, শ্রমজীবী মানুষের আয়ের সুযোগ এবং সামগ্রিক নগর প্রবাহকে শক্তিশালী করে।
মেয়র বলেন, জনগণ চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার যে প্রত্যাশা ব্যক্ত করেছে, তার সুফল নগরীর প্রতিটি ওয়ার্ডে পৌঁছে দিতে হবে। বাণিজ্যিক রাজধানীর স্বপ্ন তখনই বাস্তবায়িত হবে, যখন নগরীর প্রতিটি আবাসিক ও বাণিজ্যিক এলাকা উন্নত যোগাযোগ সুবিধার আওতায় আসবে। বৃহত্তর বাকলিয়াকেও সেই উন্নয়নের মূল স্রোতে সম্পৃক্ত করা হচ্ছে। এ সময় তিনি এলাকার সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। নতুন সড়ক সম্প্রসারণ, সংযোগ সড়ক তৈরি এবং পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় নালা নির্মাণের সম্ভাব্য স্থানসমূহ সরেজমিনে পরিদর্শন করেন তিনি। সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগকে দ্রুত সম্ভাব্যতা যাচাই ও পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেন। পরিদর্শনকালে চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরীসহ কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।










