বাংলা মায়ের ভাষা, প্রাণের ভাষা

পূর্বা চৌধুরী | সোমবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৪০ পূর্বাহ্ণ

ভাষা হলো মানুষের আত্মপ্রকাশের মাধ্যম। আমাদের ভাবনাচিন্তা, আনন্দ বেদনা আর আবেগ প্রকাশের স্ফুলিঙ্গ ভাষা থেকেই সৃষ্টি হয়। ভাষাকে আশ্রয় করেই রচিত হয় প্রবন্ধ, গল্প, উপন্যাস, নাটক,ছড়া,কবিতা, গান ইত্যাদি। ভাষার বাহন হলো বর্ণ বা বর্ণমালা। আবার শিল্পীর আঁকা ছবির একধরনের ভাষা থাকে, তবে সে ভাষা কখনো বিমূর্ত আবার কখনো সে ভাষা হয় সহজবোধ্য, মূর্ত যা নাড়া দেয় আমাদের চেতনায়। মানুষের কথা বলা ও লেখার মাধ্যমেই ভাষাকে বাঁচিয়ে রাখে। আর ভাষার বেঁচে থাকার অর্থ মানুষের ভাবনা চিন্তা আর অনুভূতির বেঁচে থাকা। আমরা বাংলায় মনের ভাব প্রকাশ করি, বাংলায় লিখি, বাংলায় স্বপ্ন দেখি। আর তাই বহুভাষাবিধ ড. মুহম্মদ শহীদুল্লাহ’র মতে, বাংলা ভাষাই আমাদের মাতৃদুগ্ধ স্বরূপ। কারণ এই ভাষা আমাদের অন্তরের তৃষ্ণা মিঠাই। আর মা, মাতৃভূমি, মাতৃভাষা প্রত্যেক মানুষেরই প্রিয়। ভাষাভাষীর সংখ্যার হিসেবে বাংলার অবস্থান বিশ্বে সপ্তম। এই ভাষার জন্যই আমরা আন্তর্জাতিক সম্মান লাভ করেছি। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পেয়েছি স্বীকৃতি। এই মাতৃভাষার জন্য বাঙালিরা বুকের রক্ত ঢেলে দিয়েছিল বলে ভাষার মর্যাদা ও অস্তিত্ব রক্ষা পেয়েছিল। বাঙালির ভাষা আন্দোলন এবং ভাষার জন্য আত্মদান এক অজেয় শক্তির উৎস হিসেবে বাঙালি জনগণকে স্বাধীনতার পথে হাঁটতে প্রেরণা দিয়েছে। আর মহান স্বাধীনতা মাতৃভাষা বাংলাকে দিয়েছে ঐশ্বর্য আর সম্মান। আজ আমরা স্বাধীন জাতি, বাংলা আমাদের রাষ্ট্রভাষা। আমাদের সাহিত্য, আমাদের ইতিহাস ঐতিহ্য, সংস্কৃতি বাংলা ভাষাতেই হয় লালিত পল্লবিত। ভাষা শহীদের রক্তস্নাত মহান ফেব্রুয়ারি মাসে তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমাদের অঙ্গীকার হবে, বাংলা ভাষাকে ভালোবাসব, বাংলার শুদ্ধ চর্চা করব। কোনো বৈরী ঝড়ো হাওয়া যাতে আমাদের ভাষাসংস্কৃতির কোনো ক্ষতি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকব। কারণ বাংলা আমাদের মায়ের ভাষা, প্রাণের ভাষা।

পূর্ববর্তী নিবন্ধসম্পর্কের গুরুত্ব ও সময়ের দায়বদ্ধতা
পরবর্তী নিবন্ধজন্ম দেয়া সহজ কিন্তু পিতা হওয়া কঠিন