বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কৌশলগত বন্ধন জোরদারে ঢাকায় পল কাপুর

| বুধবার , ৪ মার্চ, ২০২৬ at ১০:৪৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার কৌশলগত বন্ধন জোরদারের লক্ষ্য নিয়ে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন সরকার গঠনের পর এটিই যুক্তরাষ্ট্রের প্রথম উচ্চ পর্যায়ের সফর। গতকাল মঙ্গলবার রাতে দিল্লি হয়ে ঢাকায় পৌঁছা পল কাপুরকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের পরিচালক আরশুদা খান। খবর বিডিনিউজের।

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক্স বার্তায় তার আসার খবর দিয়ে বলা হয়, সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরকে ঢাকায় উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি। যুক্তরাষ্ট্রবাংলাদেশ কৌশলগত বন্ধন জোরদারে সরকারি ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন সহকারী পররাষ্ট্রমন্ত্রী কাপুর।

দুদিনের সফরে তার ঢাকায় আসার খবর দিয়ে সোমবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায় বলেছিলেন, তার এই সফরের লক্ষ্য যুক্তরাষ্ট্রবাংলাদেশ কৌশলগত সম্পর্ক আরো জোরদার করা। সফরকালে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কাপুর নতুন সরকারের বিভিন্ন কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দোপ্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

সফর সূচি অনুযায়ী পল কাপুরের আজ অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। এদিন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে পৃথক বৈঠক করবেন। এরপর সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি নৈশভোজে অংশ নেবেন তিনি।

সফরের শেষ দিন আগামীকাল বৃহস্পতিবারে তার সূচিতে রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময়। সকালে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পর বিএনপি নেতাদের সঙ্গে পল কাপুরের বৈঠকের কথা রয়েছে। ওইদিন দুপুরে বাংলাদেশে থাকা বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রধানদের সঙ্গেও বৈঠক করবেন পল কাপুর। এরপর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার করবে শ্রদ্ধা জানাতে যাবেন। পরে বিকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করবেন। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। বৃহস্পতিবার রাতেই ওয়াশিংটনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে তার।

পূর্ববর্তী নিবন্ধমোসাদের গুপ্তচর ও ট্রাফিক ক্যামেরা যেভাবে খামেনিকে হত্যার পথ তৈরি করে
পরবর্তী নিবন্ধভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে