চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ইন্দোনেশিয়া দূতাবাসের মধ্যে ব্যবসায়িক আলোচনা সভা গতকাল শুক্রবার হোটেল আগ্রাবাদের কর্ণফুলী হলে অনুষ্ঠিত হয়। যেখানে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সমপ্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন এবং বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মিসেস লিস্টিওয়াতি সহ চট্টগ্রামের স্বনামধন্য ব্যবসায়ী নেতৃবৃন্দ। চিটাগাং উইম্যান চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. মুনাল মাহবুবের সঞ্চালনায় অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন চিটাগাং উইম্যান চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লুৎমিলা ফরিদ। সভায় সিডব্লিউসিসিআই প্রেসিডেন্ট আবিদা মোস্তফা চট্টগ্রামকে কেন্দ্র করে সিমেন্ট, জ্বালানি, লজিস্টিকস ও ভোজ্য তেল খাতে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেন। একইসাথে, উভয় দেশের নারী উদ্যোক্তাদের একত্রে কাজ করার এবং ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নের ব্যাপারে গুরত্বারোপ ও কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মিসেস লিস্টিওয়াতি ব্যবসায়ী প্রতিনিধিদের সরাসরি উত্তর প্রদান করেন এবং ভবিষ্যতে ব্যবসায়িক কার্যক্রম আরো গতিশীল এবং জোরদার করার আশ্বাস প্রদান করেন। এছাড়া, সিডব্লিউসিসিআইয়ের পক্ষ হতে আগামী ১১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ১৫তম আন্তর্জাতিক নারী এসএমই বাণিজ্য মেলায় ইন্দোনেশিয়ান ব্যবসায়ীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়। উভয় পক্ষ ভবিষ্যতে বাণিজ্য সম্পর্ক আরো জোরদার, যৌথ বিনিয়োগ বৃদ্ধি এবং নারী উদ্যোক্তাদের উন্নয়নে পারস্পরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।













