বাংলাদেশের সিনেমা ‘মাস্টার’ পুরস্কার পেল নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে। খবর বিডিনিউজের।
উৎসবের ৫৫তম আসরের ‘বিগ স্ক্রিন কমপিটিশন’ বিভাগের শীর্ষ পুরস্কার জিতেছে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত সিনেমাটি। পুরস্কার ঘোষণা করা হয় শুক্রবার রাতে। সেখানে পরিচালক সুমিতের হাতে তুলে দেওয়া হয় পুরস্কাটি। পুরস্কার জিততে ‘বিগ স্ক্রিন কমপিটিশন’ বিভাগের ১২টি সিনেমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামতে হয় সিনেমাটিকে। পুরস্কার পাওয়ার পর অভিনেত্রী আজমেরী হক বাঁধন ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।
তিনি লিখেছেন, আমরা বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জিতেছি। অভিনন্দন আমাদের পরিচালক ও পুরো টিমকে। দেশের জন্য দারুণ একটি দিন। ‘মাস্টার’ এর পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত গ্লিটজকে এর আগে জানিয়েছিলেন, উৎসবের আগের দিন ২৮ জানুয়ারি তিনিসহ সিনেমার অভিনয়শিল্পী নাসির উদ্দিন খান, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম উৎসবের উদ্দেশে দেশ ছাড়েন। উৎসবে সিনেমাটি ফেব্রুয়ারির ১, ২, ৪ দেখানো হয়েছে।
‘মাস্টার’ সিনেমার চিত্রনাট্যে সুমিত তুলে ধরেছেন বাংলাদেশের স্থানীয় রাজনীতিতে জড়িয়ে পড়া এক শিক্ষক জাহিরের উত্থানের গল্প। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, শরীফ সিরাজ, তাসনোভা তামান্না, আমিনুর রহমান মুকুল, মাহমুদ আলম।
রেজওয়ান শাহরিয়ার সুমিতের গল্পে ১২২ মিনিট দৈর্ঘ্যের মাস্টার সিনেমাটির চিত্রনাট্য করেছেন সাব্বির হোসেন শোভন ও নির্মাতা নিজে। চিত্রগ্রাহক তুহিন তামিজুল, প্রোডাকশন ডিজাইনার হিসেবে ছিলেন ভারতের জোনাকি ভট্টাচার্য’ সঙ্গীত পরিচালনা করেছেন তাইওয়ানের হাও টিং শিহ। প্রযোজনা প্রতিষ্ঠান মাইপিক্সেলস্টোরি ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি।












