সাহিবজাদা ফারহানের অভিষেক আগেই অনুমান করা গিয়েছিল। পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি পাশাপাশি আরো জানান, সাহিবজাদার উদ্বোধনী জুটির সঙ্গী ও পরের ব্যাটারেরও অভিষেক হবে এই ম্যাচ দিয়েই। অলরাউন্ডার মাজ সাদাকাত শুরু করবেন ইনিংস, তিন নম্বরে খেলবেন শামিল হুসাইন। বাংলাদেশের বিপক্ষে এই সিরিজের পাকিস্তান স্কোয়াডে ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা ক্রিকেটার আছেন ৬ জন। কৌতূহল তাই ছিল, তাদের মধ্যে কজনকে বাজিয়ে দেখবে দল। সিরিজ শুরুর আগের দিন অধিনায়ক আফ্রিদি তা খোলাসা করেই দিলেন।‘ তিনজনের অভিষেক হচ্ছে নিশ্চিতভাবেই। সাহিবজাদা ফারহান থাকবে সেখানে। টি–টোয়েন্টিতে সে শীর্ষ পারফরমারদের একজন এবং পাকিস্তানে লিস্ট ‘এ’ ক্রিকেটেও ভালো করছে। তার সঙ্গে ইনিংস ওপেন করবে মাজ সাদাকাত। ওয়ান ডাউনে খেলবে শামিল হুসাইন। ‘তিনজন অভিষিক্ত থাকবে। আশা করি, তারা সহজাত ক্রিকেট খেলবে এবং নিজেদের স্কিল মেলে ধরবে। দল হিসেবেও আমরা রোমাঞ্চিত পাকিস্তানের হয়ে তাদেরকে দেখতে, শুধু এই সিরিজে নয়, ভবিষ্যদের জন্যও।’ সদ্য সমাপ্ত টি–টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড গড়ে সর্বোচ্চ রান করেছেন সাহিবজাদা। পাকিস্তানের হয়ে ৪৬টি টি–টোয়েন্টি খেলেছেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৭২ ম্যাচ খেলে ৮ সেঞ্চুরি ও ২০ ফিফটিতে প্রায় ৩ হাজার রান করেছেন ৩০ বছর বয়সী ব্যাটসম্যান। স্রেফ ১৩টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেই ওয়ানডে অভিশেক হচ্ছে শামিলের। ওই ১৩ ম্যাচে ২টি সেঞ্চুরি ও ৩টি ফিফটি করেছেন ২১ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান। ব্যাটিং গড় ৪৬.৩৩, স্ট্রাইক রেট ১০০.১৮। বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার সাদাকাত খেলেছেন ২৮টি লিস্ট ‘এ’ ম্যাচ। ৩ সেঞ্চুরি ও ৬ ফিফটিতে হাজারের কাছাকাছি রান করেছেন তিনি ১০১.৮৮ স্ট্রাইক রেটে। উইকেট নিয়েছেন ১৩টি। ২০ বছর বয়সী অলরাউন্ডার গত বিপিএলে খেলে গেছেন নোয়াখালী এক্সপ্রেসের হয়ে।
অভিষেকের অপেক্ষায় থাকা বাকি তিনজনের মধ্যে আব্দুল সামাদ ও মুহাম্মাদ গাজি ঘোরি ব্যাটসম্যান। প্রথম ম্যাচে তারা থাকছেন না। বাকি একজন লেগ স্পিনিং অলরাউন্ডার সাদ মাসুদকে খেলানো হবে কি না, অনুশীলন শেষ সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালেন পাকিস্তান অধিনায়ক। ‘এক ম্যাচে তো ১৫ জনই খেলতে পারবে না। ১৫ জনের সবাইকে নিয়ে খেলতে পারলে তো ভালোই হতো। কিন্তু খেলবে স্রেফ ১১ জন। দলের প্রয়োজন ও পিচের অবস্থা বুঝে একাদশ গঠন করা হবে। আজকে আরেকটি সেশন আছে আমাদের। অনুশীলন দেখে আমরা একাদশ চূড়ান্ত করব।’










