বাংলাদেশের প্রবৃদ্ধির প্রাক্কলন কমালো বিশ্ব ব্যাংক

বৈশ্বিক সংকট

| শুক্রবার , ৭ অক্টোবর, ২০২২ at ৮:১৯ পূর্বাহ্ণ

বৈশ্বিক অস্থিরতার ধাক্কা বাংলাদেশের অর্থনীতি তুলনামূলক ভালোভবে সামলাতে পারলেও চলতি অর্থবছরের প্রবৃদ্ধির প্রাক্কলন কমিয়ে এনেছে বিশ্ব ব্যাংক। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত বিশ্ব ব্যাংকের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের জিডিপি ৬ দশমিক ১ শতাংশ বাড়তে পারে, যা আগের প্রাক্কলনের চেয়ে দশমিক ৬ শতাংশ পয়েন্ট কম। মূলত বৈশ্বিক সংকটের বিস্তৃত পরিসর বিবেচনায় নিয়ে জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাসে এই পরিবর্তন আনার কথা বলেছে আর্থিক খাতের এই বিশ্ব সংস্থাটি। বিশ্ব ব্যাংক বলছে, আর্থিক সংকট দক্ষিণ এশিয়ার দেশগুলোকে চাপে ফেললেও, কয়েকটি দেশ অন্য দেশগুলোর তুলনায় ভালোভাবে মানিয়ে নিতে পারছে। এর মধ্যে বাংলাদেশও রয়েছে। প্রতিবেশী ভারতের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস আগের হিসাবের চেয়ে পুরো এক শতাংশ পয়েন্ট কমিয়েছে সংস্থাটি। নতুন প্রাক্কলন বলছে, চলতি অর্থবছরে ভারত সাড়ে ৬ শতাংশ প্রবৃদ্ধি পেতে পারে। খবর বিডিনিউজের।
বিশ্ব ব্যাংক বলছে, কোভিড-১৯ মহামারীর দীর্ঘমেয়াদী প্রভাবের সঙ্গে শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট, পাকিস্তানে ভয়াবহ বন্যা, বৈশ্বিক অর্থনীতির ধীর গতি এবং ইউক্রেইনে যুদ্ধ যোগ হওয়ায় দক্ষিণ এশিয়া একটি অভূতপূর্ব অর্থনৈতিক ধাক্কা খেয়েছে। এ অঞ্চলের প্রবৃদ্ধি কমে আসছে জানিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দেশগুলোর এখন উচিত অর্থনীতির সহনশীলতা আরও বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতি ভারতে রপ্তানি ও সেবা খাতের ঘুরে দাঁড়ানোর গতি গড় বৈশ্বিক ঘুরে দাঁড়ানোর হারের চেয়ে বেশি। সেদেশের বৈদেশিক মুদ্রার যথেষ্ঠ মজুদও অর্থনীতির জন্য একটি সুরক্ষা হিসেবে কাজ করেছে।

পূর্ববর্তী নিবন্ধপাম অয়েলের দাম লিটারে কমেছে ৮ টাকা
পরবর্তী নিবন্ধঅভিযুক্ত রিকশাচালককে খুঁজছে পুলিশ