বাংলাদেশি পোশাক পাকিস্তানি বলে বিক্রি, খোলা মার্কেটের লুঙ্গি ব্রান্ডের নামে

নগরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

আজাদী প্রতিবেদন | বুধবার , ১১ মার্চ, ২০২৬ at ৮:৪১ পূর্বাহ্ণ

নগরীর বহদ্দারহাট এলাকার ফিনলে সাউথ সিটিতে চারটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধের দায়ে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। গতকাল চলা এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

অভিযানে ভোক্তা অধিকারের কর্মকর্তারা বাংলাদেশি পোশাকের বিভিন্ন ব্র্যান্ডকে পাকিস্তানের বলে চালিয়ে দেওয়া, আবার কিছু পোশাক বিদেশি বলে বিক্রি করা, মূল্য উল্লেখ না করা বিষয়টি দেখতে পান। এছাড়া কয়েকটি পোশাকে পাকিস্তানি আগানূর, সাদাবাহার ব্রান্ডের নাম উল্লেখ ছিল। ফলে ‘ফর ইউ আবাইয়া’ নামে প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা, গুজল নামে প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা ও ইরানি বোরকা হাউসকে ১৫ হাজার টাকা ও খাদিঘরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, বাংলাদেশি পোশাককে পাকিস্তানি বলে বিক্রি করা, বোরকাতে লেখা ছিল মেড ইন ইউএই। কিন্তু তারা মেড ইন ইউএইর কোনো ডকুমেন্ট দেখাতে পারেনি। অপরদিকে খোলা মার্কেট থেকে লুঙ্গি এনে খাদিঘর ব্রান্ডের পণ্য হিসেবে বিক্রি করছে। আমরা তাদের সতর্ক করেছি।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাহ
পরবর্তী নিবন্ধঈদের ছুটিতে আমদানি-রপ্তানি সচল থাকবে