বাংলাদেশসহ ৭ দেশের নাগরিকদের জন্য সৌদির নতুন প্যাকেজ ভিসা

| মঙ্গলবার , ১৪ জুলাই, ২০২৬ at ৬:০৪ পূর্বাহ্ণ

পর্যটকদের জন্য নতুন ‘প্যাকেজ ভিসা’ কর্মসূচি চালু করেছে সৌদি আরব, প্রথম ধাপে বাংলাদেশসহ সাত দেশের নাগরিকরা এই সুবিধা পাবেন। গালফ নিউজ জানিয়েছে, সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, এই কর্মসূচির আওতায় ভ্রমণকারীরা একটি সমন্বিত ভ্রমণ প্যাকেজের মাধ্যমে একসঙ্গে বিমান টিকেট, হোটেল বুকিং এবং ইলেকট্রনিক পর্যটন ভিসা পাবেন। ফলে আলাদাভাবে পর্যটন ভিসার আবেদন করার প্রয়োজন হবে না।

প্রথম ধাপে যেসব দেশের নাগরিক এই সুবিধা পাবেন, সেগুলো হলোবাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া ও মেক্সিকো। খবর বিডিনিউজের।

সৌদি গেজেটের তথ্য অনুযায়ী, অনুমোদিত ভ্রমণ প্যাকেজ কেনার ৪৮ ঘণ্টার মধ্যে ইলেকট্রনিক পর্যটন ভিসা ইস্যু করা হবে। এ ক্ষেত্রে সৌদি দূতাবাসে যেতে হবে না বা পৃথকভাবে ভিসার আবেদন জমা দিতে হবে না। ভ্রমণকারীদের অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে নির্ধারিত প্যাকেজ নির্বাচন করে অনলাইনে দাম পরিশোধ করবেন। এরপর ইমেইলের মাধ্যমে তারা ভিসা, ভ্রমণ বীমা এবং প্রয়োজনীয় ভ্রমণসংক্রান্ত নথি পাবেন। সৌদি পর্যটন মন্ত্রণালয় এখন পর্যন্ত দুটি কোম্পানিকে এই সেবা দেওয়ার অনুমোদন দিয়েছে।

একবার ভিসা ইস্যু হওয়ার পর সেটি আলাদাভাবে বাতিল করা যাবে না। তবে কোনো কারণে ভ্রমণ প্যাকেজ বাতিল হলে সংশ্লিষ্ট ভিসাও স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক দর্শনার্থীদের জন্য প্রবেশের সুযোগ আরও বাড়াতে আগামীতে এই কর্মসূচিতে নতুন নতুন দেশের নাম যুক্ত করা হবে।

পূর্ববর্তী নিবন্ধকুতুবদিয়ায় বোটডুবিতে নিখোঁজ চার জেলের মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধবন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল