বাংলাদেশকে আজ জিততেই হবে

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২১ অক্টোবর, ২০২৬ at ৯:৩৩ পূর্বাহ্ণ

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ওঠার লড়াইয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। সামনে দুর্দান্ত ফর্মে থাকা আফগানিস্তান। উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হারের পর এবার কার্যত বাঁচা–মরার লড়াইয়ে নামতে হচ্ছে টাইগারদের। আজ বুধবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি।

এই ম্যাচে জিতলেই ফাইনালে ওঠার আশা টিকে থাকবে বাংলাদেশের। তবে শুধু জয়ই যথেষ্ট নাও হতে পারে, মেলাতে হবে নেট রান রেটের কঠিন সমীকরণও। জিম্বাবুয়েকে ১৫৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শক্ত অবস্থানে রয়েছে আফগানিস্তান। এক ম্যাচে জয় নিয়ে +৩.১৬০ নেট রান রেটে পয়েন্ট তালিকার শীর্ষে তারা। এক জয় ও এক হারে –০.৫৯০ নেট রান রেট নিয়ে দ্বিতীয় স্থানে জিম্বাবুয়ে। অন্যদিকে, প্রথম ম্যাচে হারের পর –১.৯৮০ নেট রান রেট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। ফলে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতে পারলে জিম্বাবুয়েকে নেট রান রেটে টপকে ফাইনালে ওঠার সুযোগ তৈরি হতে পারে বাংলাদেশের।

সামপ্রতিক মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানও বাংলাদেশের জন্য খুব একটা স্বস্তিদায়ক নয়। ওয়ানডেতে দুই দল এখন পর্যন্ত ২২ বার মুখোমুখি হয়েছে। উভয় দলই জিতেছে ১১টি করে ম্যাচ। তবে সর্বশেষ ছয় লড়াইয়ের পাঁচটিতেই জয় পেয়েছে আফগানিস্তান। এই পাঁচটি জয়ই এসেছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ও আবুধাবিতে। ২০২৪ সালে শারজাহতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২–১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। ২০২৫ সালেও সেই ব্যর্থতার পুনরাবৃত্তি ঘটে। আবুধাবিতে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে আফগানিস্তান। ওই সিরিজের একটি ম্যাচে ২০০ রানের বড় ব্যবধানে হারের তিক্ত অভিজ্ঞতাও হয় বাংলাদেশের। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৯৩ রান তোলে আফগানিস্তান। জবাবে মাত্র ৯৩ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। সেই হারের স্মৃতি পেছনে ফেলে এবার ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা টাইগারদের।

ম্যাচে টসও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। শারজাহর উইকেট সাধারণত ম্যাচ যত এগোয়, তত ধীর হয়ে আসে। ফলে ফ্লাডলাইটের আলোয় দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা কঠিন হয়ে পড়তে পারে। টুর্নামেন্টের সামপ্রতিক ম্যাচগুলোতেও রাতে ব্যাটিংয়ের চ্যালেঞ্জ স্পষ্ট হয়েছে।

বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স পুরো ৫০ ওভার ব্যাটিং করার ওপর গুরুত্ব দিয়েছেন। তার মতে, জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের পরিস্থিতি আরও ভালোভাবে বুঝে খেলতে পারলে ফল ভিন্ন হতে পারত। জ্বরের কারণে প্রথম ম্যাচে খেলতে না পারা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এই ম্যাচে দলে ফিরতে পারেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৫৮
পরবর্তী নিবন্ধডাকাতের স্ত্রী ও সন্তান গ্রেপ্তার