বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মোস্তাফিজ

টি-টোয়েন্টি ক্রিকেট

স্পোর্টস ডেস্ক | রবিবার , ৫ এপ্রিল, ২০২৬ at ৭:৫৬ পূর্বাহ্ণ

স্বীকৃত টিটোয়েন্টি ক্রিকেটে বাঁহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারের মালিক এখন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। শুক্রবার রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) চলতি আসরের ১১তম ম্যাচে মুলতান সুলতানসের মুখোমুখি হয়েছিল মোস্তাফিজের লাহোর কালান্দার্স। বৃষ্টির কারনে ১৩ ওভারের নির্ধারিত ম্যাচে লাহোরের সফল বোলার ছিলেন ফিজ। ৩ ওভার বল করে ৩৭ রানে সর্বোচ্চ ২ উইকেট নেন মোস্তাফিজ। আর এই ২ উইকেট নিয়ে রেকর্ড বইয়ে নাম তোলেন তিনি। বাঁহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের মালিক এখন মোস্তাফিজ। ৩২৫ ম্যাচে ৪১৬ উইকেট শিকার করেছেন তিনি। এরমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে ১৫৮ উইকেট আছে তার। সর্বোচ্চ উইকেট শিকারে শীর্ষে উঠার পথে পাকিস্তান পেসার মোহাম্মদ আমিরকে টপকে যান ফিজ। ৩৫৬ ম্যাচে ৪১৫ উইকেট আছে আমিরের। পিএসএল শুরুর আগে ৪১২ উইকেট নিয়ে বাঁহাতি পেসারদের তালিকার তৃতীয় স্থানে ছিলেন মোস্তাফিজ। টুর্নামেন্টে লাহোরের প্রথম দুই ম্যাচে ১টি করে উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজকে টপকে যান ফিজ।

৩৪৮ ম্যাচে ৪১৩ উইকেট আছে রিয়াজের। তবে শীর্ষ স্থান ধরে রাখার চ্যালেঞ্জ আছে ফিজের সামনে। কারণ চলতি আসরে রাওয়ালপিন্ডিজের হয়ে খেলছেন আমিরও। ২ ম্যাচে ২ উইকেট শিকার করেছেন তিনি। টিটোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় সপ্তম স্থানে আছেন মোস্তাফিজ। ৫২০ ম্যাচে ৭০৩ উইকেট নিয়ে তালিকার শীর্ষে আফগানিস্তানের অভিজ্ঞ স্পিনার রশিদ খান।

পূর্ববর্তী নিবন্ধদেশে ফিরেছেন চ্যাম্পিয়ন যুবারা বরণ করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
পরবর্তী নিবন্ধনওজোয়ান গ্রীণের তৃতীয় লিটল ব্রাদার্সের দ্বিতীয় জয়