বাঁশখালী সমুদ্র সৈকত: নিসর্গের নীরব জাদুঘর

মশিউর রহমান আবির | বৃহস্পতিবার , ২ এপ্রিল, ২০২৬ at ৬:৩৪ পূর্বাহ্ণ

বাংলাদেশের সমুদ্রতট নিয়ে কথা উঠলেই সবার আগে আসে কক্সবাজার, কুয়াকাটা কিংবা সেন্টমার্টিনের নাম। কিন্তু এই জনপ্রিয়তার ভিড়ে নিঃশব্দে দাঁড়িয়ে আছে এক অপার সম্ভাবনাময় সৈকত– ‘বাঁশখালী সমুদ্র সৈকত’। চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় অবস্থিত এই সৈকতটি যেন প্রকৃতির আঁচলে লুকিয়ে রাখা এক নীরব জাদুঘর। যেখানে নেই অবিরাম ভিড়, নেই বাণিজ্যিক হট্টগোল। আছে শুধু ঢেউয়ের গর্জন, সাদা ফেনার বিস্তার আর ঝাউবনের স্নিগ্ধ ছায়া।

যারা প্রকৃত ভ্রমণপিপাসু, যারা কোলাহল থেকে দূরে গিয়ে শান্ত নির্জনতা খুঁজে বেড়ান, বাঁশখালী সমুদ্র সৈকত তাদের জন্য এক স্বর্গরাজ্য। প্রায় ৩৭ কিলোমিটার দীর্ঘ এই সমুদ্রতটে দাঁড়ালে মনে হয়, এ এক অন্তহীন বিস্তার। সমুদ্রের ঢেউ এখানে অন্য সৈকতের তুলনায় খানিকটা শান্ত, আর সেই শান্ত ঢেউয়ের শব্দ মিশে যায় ঝাউবনের পাতার ফিসফিসানিতে। ভোরের আলো ফুটতেই সূর্যের প্রথম কিরণ যখন পানিতে ঝিকমিক করে ওঠে, তখন পুরো সৈকত জেগে ওঠে অপার মহিমায়। আবার সন্ধ্যা নামলে লালসোনালি আভায় ভরে ওঠে দিগন্তজোড়া আকাশ, যা কোনো চিত্রকরের তুলিতে আঁকা ছবিকেও হার মানায়।

বাঁশখালীর মানুষের জীবনও এই সৈকতের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। এখানে প্রতিদিন ভোরে দেখা যায় জেলেদের নৌকা নিয়ে সাগরে যাওয়ার দৃশ্য। দুপুরে তারা ফিরে আসে জালের ফাঁকে ধরা মাছ, কাঁকড়া কিংবা চিংড়ি নিয়ে। সমুদ্রকেন্দ্রিক এই জীবনযাপন বাঁশখালীকে দিয়েছে এক আলাদা স্বাদ। পর্যটকরা চাইলে সরাসরি স্থানীয় জেলেপাড়ায় গিয়ে তাদের জীবনধারা দেখতে পারেন, এমনকি সদ্য ধরা তরতাজা মাছ কিনে রান্নার স্বাদও নিতে পারেন। ফলে এই সৈকত শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, গ্রামীণ সংস্কৃতিরও এক অপূর্ব মিলনস্থল।

তবে এতসব সৌন্দর্য আর সম্ভাবনা থাকা সত্ত্বেও বাঁশখালী সমুদ্র সৈকত এখনো পর্যটনের মূলধারায় আসতে পারেনি। অবকাঠামোগত দুর্বলতা, যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতা এবং পর্যাপ্ত প্রচারের অভাব এর অন্যতম কারণ। অথচ যদি উন্নত সড়ক, নিরাপদ যাতায়াত, আধুনিক হোটেলমোটেল ও পর্যটকবান্ধব পরিবেশ তৈরি করা যায়, তবে বাঁশখালী অচিরেই দেশিবিদেশি ভ্রমণকারীদের কাছে আকর্ষণীয় গন্তব্যে পরিণত হবে।

উন্নয়নের সঙ্গে সঙ্গে পরিবেশ সংরক্ষণও সমানভাবে জরুরি। অযত্নে ফেলে রাখা প্লাস্টিক, বর্জ্য বা অপরিকল্পিত স্থাপনা এই সৈকতের সৌন্দর্য নষ্ট করে দিতে পারে। তাই এখন থেকেই দরকার পরিবেশবান্ধব পরিকল্পনা, যাতে পর্যটন বাড়ে আবার প্রকৃতির সৌন্দর্যও অক্ষুণ্ন থাকে। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারলে বাঁশখালী হয়ে উঠতে পারে এক উজ্জ্বল দৃষ্টান্ত।

বাংলাদেশের পর্যটন শিল্প প্রতিনিয়ত বিকশিত হচ্ছে। কক্সবাজার, কুয়াকাটা কিংবা সেন্টমার্টিন যেভাবে জনপ্রিয়তা পেয়েছে, বাঁশখালীও একদিন সেই সারিতে যুক্ত হতে পারে। তবে এটিকে আলাদা করবে এর নীরবতা, নির্জনতা ও অক্ষত প্রাকৃতিক রূপ। বাঁশখালী সমুদ্র সৈকত পর্যটনশিল্পে যুক্ত হলে শুধু অর্থনীতিই সমৃদ্ধ হবে না বরং দেশের ভাবমূর্তিও উজ্জ্বল হবে আন্তর্জাতিক অঙ্গনে।

লেখক:প্রবন্ধকার

পূর্ববর্তী নিবন্ধদুষ্প্রাপ্য হয়ে ওঠা স্বপ্ন
পরবর্তী নিবন্ধউত্তাল প্রতিবাদ ‘নো কিংস-নো ওয়ার’!