বাঁশখালীর সাগর উপকুল গন্ডামারায় অবস্থিত এসএস পাওয়ার প্ল্যান্ট (কয়লাবিদ্যুৎ) থেকে চুরি হওয়া ২০ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করেছে পুলিশ।
বাঁশখালীর গন্ডামারায় এস আলম গ্রুপ ও চীনের সেপকো থ্রির যৌথ মালিকানাধীন বেসরকারি খাতে দেশের সবচেয়ে বড় ১৩২০ মেগাওয়ার্ট কয়লাবিদ্যুৎ প্রকল্প থেকে প্রতিনিয়ত একটি সিন্ডিকেট বিভিন্ন মালামাল চুরি করছে বলে অভিযোগ রয়েছে। গত বৃহস্পতিবার স্থানীয়দের দেওয়া গোপন সংবাদের ভিত্তিতে চাম্বল এলাকার ২নং ওয়ার্ডে গোলাম আলী চৌধুরী জামে মসজিদের সামনে পুকুর পাড়ে গেলে এসএস পাওয়ার প্ল্যান্টের চুরি করে নিয়ে যাওয়া সিঁধেল তার দেখতে পেয়ে বাঁশখালী থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা। বাঁশখালী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। এসময় চাম্বল ২নং ওয়ার্ডের বিল্লা মিয়ার পুত্র আজগর ও আবুল কালাম প্রকাশ কালুর পুত্র মনি আলম বাড়িতে অভিযান চালিয়ে ১১ হাজার কেভি এক্সেল বি তারসহ প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা হয়। পরবর্তীতে এসএস পাওয়ার প্লান্ট কতৃপক্ষ বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ করে এবং ৮–৯ অজ্ঞাতনামা দিয়ে মামলা দায়ের করা হয়।
এসএস পাওয়ার প্লান্ট প্রজেক্টের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মেজর মশিউর রহমান বলেন, গত ১০ জানুয়ারি গভীর রাতে বাউন্ডারিতে অনুপ্রবেশ করে প্রজেক্টের ২নং গেট সংলগ্ন দক্ষিণ বাউন্ডারির কন্টিনার রুমের পাশে মাঠের উপর থেকে ১১ হাজার কেভি এক্সেল বি তারসহ নানা যন্ত্রাংশ চুরি করে নিয়ে। এ ঘটনায় এসএস পাওয়ার প্লান্ট কতৃপক্ষ বাদী হয়ে বাঁশখালী থানায় মামলা করা হয়েছে।
এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খালেদ সাইফুল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চাম্বল এলাকায় অভিযান পরিচালনা করে এস পাওয়ার প্ল্যান্টের চুরি হওয়া মামলা উদ্ধার করা হয়। এই চোর সিন্ডিকেট চক্রটি ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।













