বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের পূর্ব কাহারঘোনা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও নানা অপরাধের অভিযোগে অভিযুক্ত মাদক সম্রাট রশিদ আহমদ ওরফে ‘রইশ্যা ডাকাত’কে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। বাঁশখালী থানা পুলিশের একটি দল সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে বলে গতকাল মঙ্গলবার থানা পুলিশ জানায়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই বিভাস কুমার শাহার নেতৃত্বে এসআই রুবেল চন্দ্র সিংহ, এসআই আকবর ও এসআই রুহুল আমিনসহ একটি চৌকস টিম পূর্ব কাহারঘোনা এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে রশিদ আহমদকে গ্রেফতার করা হয়। স্থানীয়দের অভিযোগ, রশিদ আহমদ দীর্ঘদিন ধরে সরল ইউনিয়নের পূর্ব কাহারঘোনা এলাকায় অবস্থান করে একটি ইয়াবা–কেন্দ্রিক মাদক নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। তার বিরুদ্ধে মাদক ব্যবসা, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এমনকি এ রশিদ আহমদ পুরো শীলকূপ ও সরল ইউনিয়নের চোর, ডাকাত ও মাদক সিন্ডিকেটের নেতৃত্ব দিয়ে আসছেন বলেও জানা যায়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে সরলের ৪নং ওয়ার্ডের কাহারঘোনা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে গতকাল তাকে আদালতে সোপর্দ করা হবে।














