বাঁশখালী উপজেলার চাম্বল বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা এবং ভোক্তা অধিকার সংরক্ষণের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় পরিচালিত এই অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে সাতটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।
সূত্রে জানা যায়, অভিযানে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে পণ্য বিক্রি, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, পণ্য ক্রয়ের রসিদ সংরক্ষণ না করা এবং জনসাধারণের চলাচলের পথ দখল করার মতো অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট আইনে সাত প্রতিষ্ঠানকে মোট ৩১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, আসন্ন রমজান মাসে নিত্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত দামে বিক্রির কোনো সুযোগ দেওয়া হবে না। ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। তিনি সতর্ক করে বলেন, ব্যবসায়ীদের অবশ্যই নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শনসহ প্রচলিত আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। বাজারে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।











