জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় বাঁশখালীতে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ একজনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল শুক্রবার রাতে বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। আটক ব্যক্তি জামির উদ্দিন (৪০)। তিনি ওই এলাকার বাসিন্দা এবং পুলিশের তালিকাভুক্ত অপরাধী বলে জানিয়েছে সেনাবাহিনী।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে এমন একজন ব্যক্তি নিজ এলাকায় অবস্থান করছে। তথ্য যাচাই–বাছাই শেষে বাঁশখালী আর্মি ক্যাম্প থেকে একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানকালে বাহারছড়া ইউনিয়নের একটি স্থানীয় দোকানের সামনে থেকে জামির উদ্দিনকে আটক করা হয়। পরে তাকে তার বসতবাড়িতে নিয়ে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি পিস্তল, দুটি তাজা গুলি ও একটি রামদা উদ্ধার করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর বাঁশখালী ক্যাম্পের ক্যাম্প কমান্ডার জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতামূলক তৎপরতা প্রতিহত করতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত ও কার্যকর অভিযান অব্যাহত রয়েছে। নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। আটক ব্যক্তিকে উদ্ধারকৃত অস্ত্রসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।












