বাঁশখালীতে সাড়ে ৭৮ লাখ টাকার অবৈধ জাল জব্দ ও ধ্বংস

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ৩ মার্চ, ২০২৬ at ৭:০১ পূর্বাহ্ণ

বঙ্গোপসাগরের বাঁশখালী উপকূল ও কুতুবদিয়া চ্যানেলে বিশেষ অভিযান চালিয়ে সাড়ে ৭৮ লাখ টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করেছে মৎস্য দপ্তর ও কোস্টগার্ড। গতকাল সোমবার দিনভর পরিচালিত এই অভিযানে ৫০ হাজার মিটার চরঘেরা জাল ও ৭টি বেহুন্দি জাল জব্দ করা হয়।

মৎস্য দপ্তর সূত্র জানায়, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এই বিশেষ কম্বিং অপারেশন (৫ম ধাপ) পরিচালনা করা হয়। অভিযানে বাঁশখালীর শেখেরখীল, খাটখালী, গন্ডামারা সংলগ্ন মোহনা এবং কুতুবদিয়া চ্যানেলে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জালের বিরুদ্ধে তল্লাশি চালানো হয়।

অভিযান শেষে জব্দকৃত ৫০ হাজার মিটার চরঘেরা জালের বাজারমূল্য প্রায় ৭৫ লাখ টাকা এবং ৭টি বেহুন্দি জালের মূল্য প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা বলে নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। পরে জব্দকৃত এসব জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বাঁশখালী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন। এতে সহযোগিতা করে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের বিসিজি কন্টিনজেন্ট চট্টগ্রাম।

মো. তৌসিব উদ্দিন জানান, তিনি বলেন, জনস্বার্থে এবং মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধটাইগারপাসে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়া লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে ২ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান