বাঁশখালীতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ২১ ফেব্রুয়ারি, ২০২৬ at ৪:৩১ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ওমর সানী আকন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমা আক্তার, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খালেদ সাইফুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শ্যামল চন্দ্র সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন নন্দি প্রমুখ।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম বলেন, ভাষা আন্দোলন বাঙালির আত্মপরিচয় ও স্বাধীনতার বীজ রোপণ করেছিল। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারিতে মাতৃভাষার মর্যাদা রক্ষায় আত্মোৎসর্গকারী শহিদদের ত্যাগ জাতিকে স্বাধীনতার পথে এগিয়ে নেয়। তিনি নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানার আহ্বান জানিয়ে বলেন, মাতৃভাষার চর্চা ও শুদ্ধ ব্যবহার নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে স্ত্রীকে ছুরিকাঘাত করে জঙ্গলে ফেলে পালানো সেই স্বামী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে বিএনপির প্রভাত ফেরি ও ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা