চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের পালেগ্রাম ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত হাজী ওয়াইজউদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৩৮)-কে মাদক সেবনের দায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। শনিবার (২৭ জুন) রাত ১১ টায় উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে তাকে আটক করা হয়।
পরে মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অভিযানে বাঁশখালী থানা পুলিশ সার্বিক সহযোগিতা করে।
জানা গেছে, দণ্ডপ্রাপ্ত নজরুল ইসলাম এর আগেও মাদক বিক্রি ও সেবন এর অভিযোগে বিভিন্ন সময়ে গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন।
এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কারাভোগ শেষে মুক্তি পাওয়ার পরও তিনি ইয়াবা সেবন ও বিক্রির সঙ্গে জড়িত রয়েছেন। তাদের দাবি, তার কর্মকাণ্ডের কারণে এলাকার যুবসমাজ মাদকের প্রতি আকৃষ্ট হচ্ছে, যা সামাজিক নিরাপত্তা ও জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক।
স্থানীয় সচেতন মহল মাদকের বিরুদ্ধে প্রশাসনের চলমান অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।








