চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাহার বোনায় ইয়াবা ট্যাবলেট ও সেবনের সরঞ্জামসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সরল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব কাহারঘোনা বলিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ একটি বসতঘরে তল্লাশি চালিয়ে ফজল কাদের (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করে।
পুলিশ জানায়, তল্লাশীকালে তার বসতঘর থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটের পাশাপাশি ইয়াবা সেবনের কাজে ব্যবহৃত তিনটি অ্যালুমিনিয়াম ফয়েলও জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত ফজল কাদের ওই এলাকার বাসিন্দা।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
তিনি আরও বলেন, ‘বাঁশখালী এলাকায় কোনোভাবেই মাদক কারবার বা সেবন সহ্য করা হবে না। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’












