চট্টগ্রামের বাঁশখালীতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা বিক্রয়মূল্য মনিটরিং ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ৫ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) ইফতারের পর থেকে রাত ১১ টা পযন্ত উপজেলার কালীপুর ইউনিয়নের গুনাগরী খাসমহল ও রামদাস মুন্সি হাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানি আকন।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযানকালে যানজট নিরসনে বাজার এলাকার দখলকৃত ফুটপাত উচ্ছেদ করে পথচারীদের চলাচল স্বাভাবিক করা হয়। গুণাগরী এলাকায় পাবলিক টয়লেট ও সংলগ্ন ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি করায় দুই ব্যবসায়ীকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অপরদিকে রামদাস মুন্সির হাট এলাকায় উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না করে মোড়কবিহীন মিষ্টান্ন বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারা লঙ্ঘনের অভিযোগে এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের অংশ হিসেবে জ্বালানি তেলের বাজার মনিটরিংয়ের সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট ৪টি মামলায় ২৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদানপূর্বক তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানি আকন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান।এসময় উপস্থিত ছিলেন রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তপন কুমার বাকচীসহ পুলিশের একটি টিম।












