প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে আয়োজিত পল্লী চিকিৎসকদের একটি প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে এবং বাংলাদেশ রুরাল মেডিকেল প্র্যাকটিশনার ওয়েলফেয়ার সোসাইটির সার্বিক সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয় গতকাল শুক্রবার সকাল ১০:৩০ মিনিটে বাঁশখালী জেনারেল হাসপাতাল লিমিটেডে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ.টি.এম. রেজাউল করিম। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের কিডনি রোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রফিকুল হাসান। চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মিনহাজুল হক, চট্টগ্রাম মেডিকেল কলেজের সার্জারি বিশেষজ্ঞ ডা. মোঃ আব্দুর রহিম, শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মোঃ ছগির এবং এ্যানেসথেসিয়া বিভাগের ডা. জিয়াউল কাদেরসহ অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ।
তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল–হাত ধোয়ার সঠিক পদ্ধতি ও এর গুরুত্ব, নেবুলাইজেশন ও ইনহেলার ব্যবহার, সিবিসি, সিপিএপি এবং অক্সিজেন ডিভাইসের সঠিক প্রয়োগ, Parenteral procedure ও aseptic technique, পাশাপাশি Prophylaxis ও non-pharmacological পরামর্শ।
এছাড়া বাংলাদেশ রুরাল মেডিকেল প্র্যাকটিশনার ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন আশেক ইলাহি, আমিনুল ইসলাম, সিহাব উদ্দিন, দিদারুল হক। প্রশিক্ষণে অংশগ্রহণকারী পল্লী চিকিৎসকরা বাস্তবভিত্তিক দিকনির্দেশনা ও আধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে মূল্যবান জ্ঞান অর্জন করেন। আয়োজকদের মতে, এ প্রশিক্ষণ ভবিষ্যতে গ্রামীণ পর্যায়ে রোগীদের উন্নত ও মানসম্মত চিকিৎসা সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আয়োজকরা আরও জানান, প্রাথমিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর এবং ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা অব্যাহত থাকবে। অনুষ্ঠানের শেষে পার্কভিউ হাসপাতাল লিমিটেড এবং বাংলাদেশ রুরাল মেডিকেল প্র্যাকটিশনার ওয়েলফেয়ার সোসাইটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।














