বাঁশখালীতে চোরাই গরুসহ ২ চোর গ্রেপ্তার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৩ মার্চ, ২০২৬ at ১০:৪৯ পূর্বাহ্ণ

বাঁশখালীতে চোরাই গরু,একটি পিকআপসহ ২ চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে বলে সূত্রে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার পুইছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব পুইছড়ি এলাকার বাসিন্দা জিয়া উদ্দীনের গোয়ালঘর থেকে একটি গাভী চুরি হয়।পরে রাত্রিকালীন টহলের সময় রামদাশ মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. মুরাদ হোসেনের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। রাত সাড়ে ৩টার দিকে কালীপুর ইউনিয়নের রামদাশ মুন্সিরহাট বাজার জামে মসজিদের সামনে একটি পিকআপ থামিয়ে তল্লাশি চালালে চোরাইকৃত গাভীটি উদ্ধার করা হয়। এ সময় গাভী চুরির অভিযোগে দুজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন পূর্ব পুইছড়ি এলাকার নাহার বাপের বাড়ির বাসিন্দা মো. ফজল কাদের (২০) এবং একই ইউনিয়নের দক্ষিণ পাড়ার পারভীন বাপের বাড়ির বাসিন্দা পিকআপচালক মো. ফোরকান (২৭)। পুলিশ জানায়, চুরির কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে এবং উদ্ধার হওয়া গাভীটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.খালেদ সাইফুল্লাহ বলেন, রাত্রীকালীন টহলের সময় চোরাই গাভীসহ একটি পিকআপ আটক করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
পরবর্তী নিবন্ধ২৬ মার্চ ঘিরে রাঙ্গুনিয়ায় প্রস্তুতি সভা