বাঁশখালীতে ইটভাটায় অভিযান

দুটি স্কেভেটর ও একটি ডাম্পার ট্রাক জব্দ

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ১১ এপ্রিল, ২০২৬ at ১১:৩৪ পূর্বাহ্ণ

বাঁশখালীতে অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। জেলা এনএসআই, চট্টগ্রামের তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। গত বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সাধনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লটমনি এলাকায় এ অভিযান চালানো হয়। সেখানে এএসসি ও জেবিএম নামক দুটি ইটভাটায় মাটি সংগ্রহের জন্য অবাধে পাহাড় ও কৃষিজমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটা হচ্ছিল। এছাড়া ইটভাটার জ্বালানি হিসেবে অবৈধভাবে পাহাড়ি গাছ ও কাঠ ব্যবহার করা হচ্ছিল।

জেলা এনএসআইয়ের সরাসরি অংশগ্রহণে এবং তাদের তথ্যের ভিত্তিতে বাঁশখালীর সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি আকনের নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ঘটনাস্থল থেকে পাহাড় কাটার কাজে ব্যবহৃত দুটি স্কেভেটর ও একটি ডাম্পার ট্রাক জব্দ করা হয়। জব্দকৃত স্কেভেটর দুটি বর্তমানে চলাচলের অনুপযোগী অবস্থায় রয়েছে। এগুলোর ব্যাটারি ভাঙা, নোজেল ও লাইট নষ্ট এবং গ্লাস ভাঙা অবস্থায় পাওয়া যায়। অপরদিকে, জব্দ করা ডাম্পার ট্রাকটি বাঁশখালী উপজেলা প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালী কয়লাবিদ্যুৎ থেকে চুরি হওয়া ২০ লাখ টাকার মালামাল উদ্ধার
পরবর্তী নিবন্ধবায়েজিদে ইসলামী ফ্রন্টের সমাবেশ