ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা এবং গড়বো ক্রীড়ায় সেতুবন্ধন, করবো বাধা দূরীকরণ-এই স্লোগানে চট্টগ্রামের বাঁশখালীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (৬ এপ্রিল) সকাল ১০ টায় বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলমের সভাপতিত্বে অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা শেষে অফিসার্স ক্লাবের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ওমর সানি আকন, উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ আবদুল হামিদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ সুপন নন্দি, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ ওবাইদুল হক, পল্লী সঞ্চয় ব্যাংক বাঁশখালী উপজেলা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ হারুন আর রশিদ, বাঁশখালী প্রেসক্লাবে সভাপতি শফকত হোসাইন চাটগামী, বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য জাফর ইকবাল, সদস্য ও ফিফা রেফারি বিটুরাজ বড়ুয়া, বাঁশখালী ক্রিকেট একাডেমির পরিচালক সাংবাদিক মোহাম্মদ এরশাদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও ক্রীড়া সংগঠনক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে সুস্থ ও শৃঙ্খলাপূর্ণ জীবনধারা গড়ে তুলতে উদ্বুদ্ধ করে। বক্তারা এসময় তরুণ প্রজন্মকে বিপথগামিতা, মাদকাসক্ত ও অনৈতিক ক্রিয়াকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। সেই সঙ্গে ক্রীড়ার বিকাশে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা প্রয়োজন বলেও দাবি করেন তারা।














