বাঁশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫ মামলার আসামি মো. নুরুল হুদা প্রকাশ পুইন্যা(৫০) ডাকাত সহ ১০ জনকে আটক করেছে।
এ সময় পুলিশ পুইন্যার কাছে রাখা দুইটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করে। অপর অভিযানে পুলিশ ৪ হাজার ৮০০ পিস ইয়াবা সহ ৩ জন এবং পরোয়ানাভুক্ত ৬ জন সহ মোট ১০ জনকে আটক করে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি পাহাড়ি এলাকায় পুইন্যা ডাকাত অস্ত্র বেচাকেনা করছে এ খবরের ভিত্তিতে গতকাল বুধবার রাত থেকে আস্ত্রের ক্রেতা হিসাবে পুলিশ সাদা পোশাকে সেখানে অবস্থান নেয়।
পরে আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে বিক্রি করতে আসা দুইটি দেশীয় তৈরি এলজি সহ ডাকাতি, অস্ত্র, খুন, মাদক, চাঁদাবাজি ও বন মামলা সহ মোট ১৫ মামলার আসামি মো. নুরুল হুদা প্রকাশ পুইন্যা ডাকাতকে জঙ্গল পুঁইছড়ি এলাকা থেকে গ্রেফতার করে।
এ অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. কামাল উদ্দিন সহ সঙ্গীয় ফোর্স সাথে ছিল।
অপর অভিযানে পুলিশ ৪ হাজার ৮০০ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করে।
বাঁশখালী থানা পুলিশের এসআই মং থোয়াই হ্লা চাক সঙ্গীয় ফোর্স সহ এ অভিযান পরিচালনা করে।
এ সময় উখিয়া কুতুপালং এলাকার মৃত মো. শফির কন্যা লায়লা বেগম(৫০), চকরিয়া পুকপুকুরিয়া বড় পাড় এলাকার আব্দুল খালেকের পুত্র মো. শফিকুল(২৬), উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ছৈয়দুরের পুত্র আহম্মদ হোসাইনকে(১৯) গ্রেফতার করে এবং এ সংক্রান্ত মাদক আইনে মামলা রুজু করা হচ্ছে বলে জানা যায়।
এদিকে, পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসাবে বাঁশখালীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ জন পরোয়ানাভুক্ত আসামিকে আটক করা হয়। তারা হলো পূর্ব পুঁইছড়ি এলাকার মৃত হাবিব উল্লাহর পুত্র নুরুল হুদা, পশ্চিম চাম্বল এলাকার মৃত আমির আলী পুত্র শফিক, শেখেরখীল মাইজপাড়া এলাকার মুহাম্মদ নুরুল আলমের পুত্র মুহাম্মদ শাহেদ হোসাইন, মৃত ছিদ্দিক আহমদের পুত্র নুরুল আলম, মধ্য ইলশার বিপন দাশের পুত্র রাখাল দাশ, দেকেন্দ্র দাশের পুত্র বিপন দাশ।
আটককৃত আসামিদের পরোয়ানামূলে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।
এ ব্যাপারে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. কামাল উদ্দিন বলেন, “থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ মামলার আসামি পুইন্যা, ইয়াবা সহ ৩ জন এবং পরোয়ানাভুক্ত ৬ জন সহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়।”
এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।













