বাঁশখালীতে অবৈধ ট্রলিং বোট জব্দ, লাখ টাকা জরিমানা

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ১৮ মার্চ, ২০২৬ at ১১:২৯ পূর্বাহ্ণ

বাঁশখালীতে সাগরে অবৈধভাবে মাছ ধরার অপরাধে একটি ট্রলিং বোটকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার শেখেরখীল সরকারহাট এলাকায় মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে এই জরিমানা করে।

সূত্রে জানা যায়, অভিযান চলাকালে ‘এফবি মায়ের দোয়া২৮২’ নামের একটি ট্রলিং বোট জব্দ করা হয়। পরে অবৈধ ট্রলিং যন্ত্রাংশ ব্যবহারের দায়ে বোটের মালিকের কাছ থেকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া বোট থেকে উদ্ধার করা শূন্য দশমিক চার টন সামুদ্রিক মাছ নিলামে ৪০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের এই অভিযানে বোট থেকে দুটি ট্রলিং জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। কোস্টগার্ড সদস্যরা বোটের ট্রলিং গিয়ারগুলোও অপসারণ করেন।

অভিযানে নেতৃত্ব দেন বাঁশখালী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন ও কোস্টগার্ডের পিও মো. মিজানুর রহমান। মৎস্য কর্মকর্তা তৌসিব উদ্দিন জানান, সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধচবি উপাচার্য পদে যোগ দিলেন প্রফেসর ড. আল-ফোরকান
পরবর্তী নিবন্ধলায়ন্স চক্ষু হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সাথে কর্মকর্তা-কর্মচারীদের সভা