বর্ষবরণে মঙ্গল বাদ দিয়ে এবারও আনন্দ শোভাযাত্রা

| মঙ্গলবার , ৩১ মার্চ, ২০২৬ at ৬:২৪ পূর্বাহ্ণ

মঙ্গল’ বাদ দিয়ে এবারও ‘আনন্দ শোভাযাত্রা’ আয়োজনের মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপন করার প্রস্তুতি শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। গতকাল সোমবার অনুষদের জয়নুল গ্যালারির সামনের লবিতে ঢাকের বাদ্য আর ছবি আঁকার মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু হয়। বঙ্গাব্দ ১৪৩৩ উদযাপন উপলক্ষে দেশব্যাপী কর্মসূচি নেওয়ার কথা রোববার এক তথ্যবিবরণীতে জানিয়েছিল সরকার। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে ‘বর্ষবরণ শোভাযাত্রা’ করার কথা বলা হয়েছিল। অর্থাৎ, অন্তর্বর্তী সরকারের সময়ের ধারা অনুসরণ করে বাংলা বর্ষবরণের অন্যতম আয়োজন ‘মঙ্গল শোভযাত্রা’ নামটি এবারের আয়োজনেও না রাখার ইংগিত দেওয়া হয় সেখানে। খবর বিডিনিউজের।

এবার ‘মঙ্গল শোভাযাত্রা’ নাকি ‘আনন্দ শোভাযাত্রা’ হবে জানতে চাইলে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম গতকাল সোমবার বলেন, এটি গত বছরই স্পষ্ট করা হয়েছে। পহেলা বৈশাখে চারুকলা থেকে প্রথম যে শোভাযাত্রাটি হয়েছিল, তার নাম ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ই ছিল। সেটি পরে কী কারণে যেন ‘মঙ্গল শোভাযাত্রা’ হয়ে যায়। আমরা কোনো কিছু পরিবর্তন করিনি। আমরা আগের ধারাবাহিকতা অব্যহত রাখতে চাই। আরো বেশি অন্তর্ভুক্তিমূলক হবে এবারের আয়োজন।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র ও সামরিক সরঞ্জাম উদ্ধার
পরবর্তী নিবন্ধতেল সংকটে কাপ্তাই হ্রদে লঞ্চ চলাচল বন্ধের শঙ্কা