বর্তমান সরকার ব্যাংকিং খাতের চলমান সংস্কার কর্মসূচি অব্যাহত রাখবে। একই সঙ্গে দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, খেলাপি ঋণ হ্রাস এবং একীভূত ব্যাংকগুলোর স্থিতিশীলতা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সমন্বয় জোরদার করবে।
গতকাল সোমবার নবনিযুক্ত অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে অর্থমন্ত্রণালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া বিভিন্ন সংস্কার উদ্যোগের অগ্রগতি তুলে গভর্নর বলেন, আমরা কী কী সংস্কার করছি, তার একটি সংক্ষিপ্ত ব্রিফ অর্থমন্ত্রীকে দিয়েছি। তিনি এসব কার্যক্রম চালিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি খুবই ইতিবাচক। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গভর্নর বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। মূল্যস্ফীতি তো কমাতেই হবে–এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। খবর বাংলানিউজের।
বাজারে অতিরিক্ত তারল্য নিয়ন্ত্রণ, সুদের হার ব্যবস্থাপনায় সমন্বয় এবং মুদ্রানীতিতে কড়াকড়ি আরোপের মাধ্যমে মূল্যস্ফীতি কমানোর চেষ্টা চলছে। খেলাপি ঋণ কমানো প্রসঙ্গে গভর্নর বলেন, বড় খেলাপিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা জোরদার, ঋণ পুনর্গঠন নীতিমালা কঠোর করা, ইচ্ছাকৃত ঋণখেলাপিদের চিহ্নিত করা এবং ব্যাংকগুলোর শ্রেণিকরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার উদ্যোগ নেওয়া হয়েছে।












