বরকলে তরুণ তরুণীর ঝুলন্ত মরদেহ

নেপথ্যে প্রেম, বলছেন স্থানীয়রা

রাঙামাটি প্রতিনিধি | বুধবার , ৮ এপ্রিল, ২০২৬ at ৬:০০ পূর্বাহ্ণ

রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন থেকে দুই তরুণতরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার মধ্যরাতে ভূষণছড়া ইউনিয়নের বগাছড়ি গ্রামে এ ঘটনা ঘটলেও গতকাল মঙ্গলবার দুপুরে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা বলছেন, ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা দুই তরুণতরুণীদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। প্রেমঘটিত কারণেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে দুজন। তবে স্থানীয় পুলিশ ও প্রশাসন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করলেও ঘটনার বিস্তারিত জানাতে পারেনি।

জানা গেছে, মৃত তরুণের নাম সুভাষ কান্তি চাকমা (২৬), তিনি রাঙামাটির কাপ্তাই উপজেলার সুরেশ কান্তি চাকমার ছেলে। তরুণীর নাম এনা চাকমা (১৮), তিনি বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বগাছড়ি গ্রামের শান্তি চাকমার মেয়ে। ভূষণছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আব্দুস সালাম জানান, তাদের দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তাদের বিয়ের জন্য দুই পরিবারের অভিভাবকদের মধ্যে একটা আলোচনা চলছিল। পরে এমন সময়ে সুভাষ চাকমার আগের স্ত্রী বিষয়টি জানতে পারে এবং সে বিয়ের জন্য মত দিতে অসম্মতি জানায়। পরে মেয়েপক্ষ ছেলের আগে স্ত্রী থাকার বিষয়টি জানতে পারায় তারা আর বিয়ে দিতে চাচ্ছিল না। ফলে সোমবার রাতে মেয়ের বাড়ির পাশে একটা গাছে ছেলে ও মেয়ে দুইজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

রাঙামাটির বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, বরকলের ভূষনছড়ায় গাছে ঝুলন্ত অবস্থায় দুইটি লাশ দেখে স্থানীয়রা খবর দেয়। পুলিশ খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে লাশ দুইটি উদ্ধার করে। ওসি জানান, আমরা ঘটনার বিস্তারিত এখনো জানতে পারিনি। তবে শুনেছি তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।

বরকল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অতনু বড়ুয়া জানান, বরকলের ভূষণছড়ায় দুজনের মৃত্যুর খবরটি সত্য। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে। তবে ঘটনার কারণ এখনো বিস্তারিত জানা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধড্রেজিং খাতে এক বছরে বন্দরের সাশ্রয় ৫০ কোটি টাকা
পরবর্তী নিবন্ধপাওনা টাকা না দেওয়ায় এক ব্যক্তিকে আটকে রাখার পর যা ঘটল