আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক গ্রামে বন্য হাতির আক্রমণে বতসঘর ও দোকানপাটে ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার ভোররাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় কাজী বাড়ির বাসিন্দা দিদারুল আলমের বসতঘর ও সেলিম হকের দোকানে দেয়াং পাহাড় থেকে নেমে ভাঙচুর চালায় হাতির পালটি। এতে করে ফসলি জমিসহ বিভিন্ন আসবাবপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, গত ৮ বছরের অধিক সময় ধরে একদল বন্যহাতি দেয়াং পাহাড় থেকে এসে নিয়মিত স্থানীয়দের বসতবাড়িতে হামলা করে ক্ষতি সাধন করছে। গতকাল ভোররাতেও হাতির দলটি এলাকায় এসে বসতঘর ও দোকানে হামলা করে ব্যাপক ক্ষতি করেছে।
আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে হাতিগুলো এলাকার মানুষের জানমালের ক্ষতি করে যাচ্ছে। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য বনবিভাগসহ সংশ্লিষ্ট বিভাগে জানানো হয়েছে।












