জীবনে যখন আমরা কোন উচ্চতায় থাকি– তখন মনে হয় – কিছু বন্ধন আমাদের টেনে রাখছে। যেমন পরিবার, মা–বাবা, স্ত্রী–সন্তান, বন্ধু–বান্ধব, নীতিবোধ, শৃঙ্খলা মনে হয় এসব আমাদের পিছন থেকে টেনে ধরেছে। এগুতে দিচ্ছে না। তখন আমরা ভাবি – এসব কিছু থেকে মুক্ত হলেই বুঝি অনেক উপরে উঠে যাবো, এসব বন্ধন ছিন্ন করে যেতে পারলেই– কোটি কোটি টাকা, দায়িত্ব মুক্তির প্রশান্তি। শিকড়ের পঙ্কিলতায় জীবন বেঁধে রেখে কিছুই হবে না। বাবা মারা গেল, একমাত্র ছেলে বিদেশ বিভুইয়ে, ফোন করে বলে– কাকু আমি আসতে পারছি না, বাবার শেষকৃত্য ক্রিয়া–কর্মগুলো সেড়ে নিও, এই হলো আমাদের বর্তমান সমাজের করুণ বন্ধন চিত্র।
কিন্তু বাস্তবতা হলো – ঠিক এই বন্ধনগুলোর জন্যই আমরা টিকে থাকি। এই বন্ধনগুলোই আমাদের জীবনের ভারসাম্য দেয়, পথ দেখায়, পতন থেকে রক্ষা করে। সুতো কেটে দিলে যেমন ঘুড়ি হারিয়ে যায়, তেমনি বন্ধন হারালে আমরাও পতিত হই। বন্ধন হারা জীবনের প্রাচুর্যে কোনো প্রশান্তি নেই।
মনে রেখো – সফল জীবন মানে কেবল উপরে উঠা নয়, সফল জীবন হলো – নিজের শিকড়ের সাথে যুক্ত থেকে দায়িত্বের বাঁধনকে সম্মান করে মনের আকাশে টিকে থাকা। যারা বন্ধনকে ভালোবাসে তারাই সত্যিকারের সাফল্যের শিখরে পৌঁছায়। এটাই জীবনের সত্য, এটাই সফল জীবন।














