দেশের বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ সরকার করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। মন্ত্রণালয়ের এক তথ্যবিবরণীতে বলা হয়, গতকাল সোমবার নৌপরিবহন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে উপদেষ্টা এ কথা বলেন।
সাখাওয়াত বলেন, চট্টগ্রাম বন্দর নিয়ে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার সাথে জড়িত ব্যক্তিদের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। বর্তমান পরিস্থিতির কারণে বন্দরের কার্যক্রম ব্যাহত হচ্ছে। চট্টগ্রাম বন্দর এ বিষয় নিয়ে কাজ করছে। বন্দর বা দেশের জন্য যেটি মঙ্গলজনক বা কল্যাণকর নৌপরিবহন মন্ত্রণালয় সেটি সমর্থন করে। খবর বিডিনিউজের।
নিউমুরিং কন্টেনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ভার বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে গতকাল তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেন শ্রমিক–কর্মচারীরা। শনিবার থেকে শুরু হওয়া এ আন্দোলনে অংশ নেওয়ায় গত দুদিনে মোট ১৬ জনকে বন্দর থেকে ঢাকায় বদলি করা হয়েছে।
দেশের স্বার্থে বন্দর সচল রাখার আহ্বান জানিয়ে নৌপরিবহন উপদেষ্টা বলেন, বন্দরে উদ্ভূত পরিস্থিতির কারণে দেশের জনগণকে ভোগান্তি পোহাতে হচ্ছে। যে বিষয়ে এই পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে তা অনাকাঙ্ক্ষিত। রোজা সামনে রেখে কিছু ব্যবসায়ী লাইটার জাহাজে পণ্য মজুত করে দ্রব্যমূল্য বৃদ্ধির পাঁয়তারা করছে অভিযোগ করে তিনি বলেন, এ সকল অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিদিন নৌপরিবহন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান মোবাইল কোর্ট পরিচালনা করছে। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণের ভিত্তিতে কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে।












