বন্দর থেকে কাপড়ের রোলভর্তি কন্টেনার গায়েবের মামলায় দুইজন গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দর থেকে আমদানিকৃত তিন কোটি টাকার কাপড়ের রোলভর্তি কন্টেনার গায়েবের মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেনপটিয়া উপজেলার জিরি এলাকার বাসিন্দা মো. মোর্শেদ আলম (৩১) ও পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মো. সাইদুর রহমান (৫১)। দুজনই চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।

পুলিশ জানায়, গত ১১ আগস্ট সন্ধ্যায় চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ম্যানেজারের দপ্তরের এফসিএল সেকশনে থাকা অভিযুক্তরা তাদের সহযোগীদের সঙ্গে যোগসাজশে প্রতারণার আশ্রয় নেয়। এ সময় ডকুমেন্ট ও স্বাক্ষর জাল করে অনডেট ও অনচেসিস অ্যাসাইনমেন্টের কপি আসল হিসেবে ব্যবহার করা হয়। এরপর ওই জাল কাগজপত্র ব্যবহার করে পণ্যসহ একটি কন্টেনার চট্টগ্রাম বন্দরের ১ নম্বর গেট দিয়ে বের করে নেওয়া হয়। এ ঘটনায় বন্দর থানায় একটি মামলা রেকর্ড করা হয়। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম জানান, জালিয়াতির মাধ্যমে কন্টেনার গায়েব করে দেওয়ার অভিযোগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহায়তায় টার্মিনাল ম্যানেজারের দপ্তরের সামনে থেকে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধলাইটারেজ জাহাজ চলাচলে শৃঙ্খলা আনতে হবে অ্যাকশন প্ল্যান