বন্দরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শনিবার , ১১ এপ্রিল, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

মোহাম্মদ সাইফুদ্দীন ইউসুফ নামের এক ব্যক্তির বিরুদ্ধে মোট মামলা রয়েছে ১১টি। এরমধ্যে ৯টিতে তিনি সাজাপ্রাপ্ত। কিন্তু দিনের পর দিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে দিব্যি জীবনযাপন করছিলেন তিনি। অবশেষে বন্দর থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

বন্দর থানা পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত আনুমানিক দেড়টার দিকে নগরীর চকবাজার থানা এলাকা থেকে সাইফুদ্দীন ইউসুফকে গ্রেপ্তার করা হয়। তিনি বন্দর থানাধীন দক্ষিণ মধ্যম হালিশহরের আবদুল খালেক সওদাগর বাড়ির মোহাম্মদ ইউসুফের পুত্র।

বন্দর থানা পুলিশ জানায়, সিএমপি বন্দর বিভাগের উপপুলিশ কমিশনার মো. আমিরুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রহিম। অভিযানে এসআই মনিরুল আলম খোরশেদসহ একটি টিম অংশ নেয়। গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া আসামির বিরুদ্ধে চান্দগাঁও, ডবলমুরিং, পাঁচলাইশ, সদরঘাট ও কোতোয়ালী থানার ১১টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এসব মামলায় পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন বলেও সূত্র জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবালু লুটে মীরসরাইয়ে ‘চোর-পুলিশ খেলা’
পরবর্তী নিবন্ধগ্রেপ্তার এড়াতে পুকুরে ঝাঁপ, তবু রক্ষা পেলেন না