মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে অস্থিরতার মাঝে জ্বালানি খাতে স্বস্তি হয়ে গতকাল চট্টগ্রাম বন্দরে ভিড়ছে তেল বোঝাই একটি জাহাজ। মালয়েশিয়া থেকে ২৭ হাজার ৩০০ টন পরিশোধিত ডিজেল নিয়ে গতকাল চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে পিভিটি সোলানা নামে জাহাজটি। পানামার পতাকাবাহী জাহাজটি গতকাল সকালে চট্টগ্রামের জ্বালানি তেলের প্রধান ডিপোতে নোঙর করে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, গত এক মাসে ৩০টি জাহাজ জ্বালানি তেল নিয়ে বন্দরে ভিড়েছে। যুদ্ধ শুরুর পর ৩ থেকে ৩০ মার্চ পর্যন্ত এসব জাহাজ এসেছে। এর মধ্যে সবকটি জাহাজ জ্বালানি খালাস করে ফিরে গেছে। আগামী ৪ এপ্রিলের মধ্যে আরো ছয়টি জাহাজ বন্দরে ভিড়বে। এসব জাহাজের মধ্যে তিনটিতে এলএনজি, দুটিতে তেল এবং একটিতে এলপিজি আসছে।
এর আগে ২৬ মার্চ ১০ হাজার টন ডিজেল ও ২০ হাজার টন জেট ফুয়েল নিয়ে ‘গ্রান কুভা’ নামের একটি জাহাজ বন্দরে পৌঁছে। একই দিন অস্ট্রেলিয়া থেকে ৬১ হাজার ৯৯৭ টন এলএনজি নিয়ে ‘এইচএল পাফিন’ ইতোমধ্যে কুতুবদিয়া উপকূলে এসেছে। পরদিন ২৭ মার্চ ইন্দোনেশিয়া থেকে ‘নিউ ব্রেভ’ এবং বর্তমানে পথে রয়েছে যুক্তরাষ্ট্র থেকে রওনা দেওয়া ‘সেলসিয়াস গ্যালাপাগোস’ নামের আরো একটি ট্যাংকার। আগামী ৪ এপ্রিল জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছার কথা রয়েছে।
সূত্র জানায়, দেশে এলএনজি আমদানির বড় অংশ কাতার থেকে এলেও মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে সরবরাহে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। নির্ধারিত সময়ে কাতার থেকে কয়েকটি চালান না আসায় বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।
মালয়েশিয়া থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে আসা পিভিটি সোলানা নামের জাহাজটি থেকে ইতোমধ্যে তেল খালাস শুরু হয়েছে বলে সূত্র জানিয়েছে।











